
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ও কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মধ্যে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই দাবিতে বুধবার বিকেলে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকায় ভাঙ্গা সাঁকোর পাদদেশে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো নারী-পুরুষ অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ইউছুফের সঞ্চালনায় এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরওয়ার কামাল, হোছাইন মোহাম্মদ সোহেল, মাওলানা জামাল উদ্দিন, নুরুল আমিন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, মিজান, আমির এবং এনামুল হক।
এ সময় শিক্ষার্থীদের কারও হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, আবার কারও হাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন বাঁশখালীর অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা ও ব্যবসাসহ নানা প্রয়োজনে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল। সম্প্রতি পেকুয়াকে পৌরসভা হিসেবে উন্নীত করায় ভবিষ্যতে এই নির্ভরশীলতা আরও বাড়বে।
তারা আরও স্মরণ করিয়ে দেন যে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ নির্বাচনের সময় রাজাখালী-ছনুয়ার মধ্যে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয়রা দ্রুত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চান।
অংশগ্রহণকারীরা জানান, অতীতে এখানে জেলা পরিষদের অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ভেঙে বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে গেছে। ফলে বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
জলকদর খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে ছনুয়া ও রাজাখালী এলাকার প্রায় ৮০ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং দুই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মানববন্ধনে আশাবাদ ব্যক্ত করা হয়।
মানববন্ধনে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার শিক্ষার্থীসহ ছনুয়া মানবকল্যাণ সংগঠন, খোরশেদ আলী চৌধুরী পাড়া তরুণ কল্যাণ পরিষদ, ছনুয়া শাহ নূরীয়া মালেকিয়া সুন্নী যুব সংঘ এবং ছনুয়া ডাইনামিক ইয়ুথ সোসাইটির সদস্যরা সংহতি প্রকাশ করেন।