
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিদিনই জমিজমা বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সমস্যা ও প্রশাসনিক জটিলতাসহ নানা অভিযোগ নিয়ে সেবাপ্রার্থীরা উপস্থিত হন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসব অভিযোগ মনোযোগ দিয়ে শুনে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন।
সপ্তাহের প্রতি বুধবার উপজেলা প্রশাসনের এই কার্যক্রমে যুক্ত হয় বিশেষ একটি মাত্রা। এদিন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় জটিল বিরোধ নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী গণশুনানির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগেই নোটিশের মাধ্যমে উপস্থিত করা হয় এবং তাদের বক্তব্য, নথিপত্র ও আইনগত দিক বিবেচনা করে বিরোধের গ্রহণযোগ্য সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই শুনানিতে আলোচনার মাধ্যমে অনেক দীর্ঘদিনের বিরোধের সফল সমাধান হচ্ছে। আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে স্থানীয় পর্যায়ে দ্রুত সমস্যা নিষ্পত্তির সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।
শুনানিতে প্রতিটি পক্ষকে সমানভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের মতামত নিয়ে আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হয়, যাতে কোনো পক্ষই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, সরকার কর্তৃক নির্ধারিত গণশুনানির দিন প্রতি বুধবার হলেও মানুষ প্রতিদিনই বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনের কাছে আসেন। যেসব বিষয় তুলনামূলক বড়, জটিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে, সেগুলো বুধবারের বিশেষ গণশুনানিতে আনা হয়।
ইউএনও মো. নাজমুল হাসান আরও জানান, এসব বিষয়ে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে বসে টেবিল ওয়ার্ক করা হয়। কোনো বিষয় উপজেলা পর্যায়ে সমাধানযোগ্য না হলে সংশ্লিষ্ট দপ্তরে বা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। আর যেসব বিষয় স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, সেগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়ায় একটি বড় বিরোধের সফল সমাধানের কথা জানিয়ে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকার একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও জটিলতা ইতিমধ্যে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। এছাড়া হোছনাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকের রাস্তা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানেও কাজ চলছে।
স্থানীয়দের মতে, প্রশাসন যখন সরাসরি জনগণের কথা শোনে এবং দ্রুত সমাধানের চেষ্টা করে, তখন প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হয়। জনসেবাকে আরও কার্যকর ও মানবিক করতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের এই বিশেষ গণশুনানি কার্যক্রমকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সাধারণ মানুষ।