
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের চারটি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।
বুধবার দিবাগত রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত এই যৌথ অভিযান চালানো হয়।
হালদা নদীর মা মাছ ও প্রাকৃতিক প্রজনন পরিবেশ সুরক্ষায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। তাঁর সঙ্গে ছিলেন হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী, তাঁর সঙ্গীয় ফোর্স এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর।
অভিযানকালে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তিনটি অবৈধ চরঘেরা জাল এবং একটি ভাসা জাল জব্দ করা হয়। মৎস্য অফিসের দেওয়া তথ্যমতে, জব্দ করা এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা অবৈধ জালগুলো শুকানোর পর হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহায়তায় এবং স্থানীয়দের উপস্থিতিতে নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।