
সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক রাজু দাশ ও তাঁর পরিবারকে চকরিয়া থানা পুলিশ কর্তৃক হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার জের ধরে বুধবার রাতে সাংবাদিক রাজু দাশকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তাঁর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে তাঁর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের শাসানো হয়। পুলিশের এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে বর্তমানে রাজু দাশের বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক রাজু দাশ দৈনিক খবরের কাগজ এবং স্থানীয় দৈনিক রূপসীগ্রাম পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। একজন পেশাদার গণমাধ্যমকর্মীর সাথে পুলিশের এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন স্থানীয় সংবাদকর্মীরা।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাক) নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, পতিত আওয়ামী লীগ আমলের এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের ডান হাত হিসেবে পরিচিত চকরিয়া থানার ওসি মনির হোসেন সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে একজন গণমাধ্যমকর্মীকে অকারণে হয়রানি করেছেন।
সাংবাদিক রাজু দাশের বাড়িতে পুলিশের উদ্দেশ্যপ্রণোদিত এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাক) সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আজিম নিহাদ।
পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাকের সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ফেরদৌস হিরু, দপ্তর ও প্রচার সম্পাদক ইফতিয়াজ নুর নিশান, কোষাধ্যক্ষ মুকিম হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার বাপ্পি।
এছাড়াও এই হয়রানির বিরুদ্ধে একাত্মতা পোষণ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্র্যাকের নির্বাহী সদস্য জাহেদ চৌধুরী, এসএম হানিফ, আরফাতুল মজিদ, মহিউদ্দিন মাহী এবং সাধারণ সদস্য ইমরান হোসাইন, তানভীর শিপু, ইমরান আল মাহমুদ, রকিয়ত উল্লাহ, সরওয়ার সাকিব, শাহ জামাল ও ফেরদৌস ওয়াহিদ।
কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাক) নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে সুস্পষ্টভাবে বলেছেন, অনতিবিলম্বে সাংবাদিক রাজু দাশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং চকরিয়া থানার ওসি মনির হোসেনকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে। এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ক্র্যাকের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।