সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাইজভাণ্ডারীর জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জুন ২০২৬ | ৬:৩৫ অপরাহ্ন


মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর জন্মদ্বিশতবার্ষিকী স্মারক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক দায়বদ্ধতা ও আর্তমানবতার সেবায় শুক্রবার (১২ জুন) বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)-এর চট্টগ্রাম মহানগরের আওতাধীন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদ এই কর্মসূচির আয়োজন করে। মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় এবং রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়। দিনব্যাপী এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মোট ৩৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের সাধুবাদ জানান।

রক্তদান কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক, আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইমুনর রশিদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মো. সাইফুল রহমান সাইফু ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরওয়ার কামাল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ নাসের তালুকদার, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক নুর জাফর রাহুল এবং রাজনীতিবিদ শওকত মান্নান।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)-এর বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের সভাপতি মো. ফোরকান আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। এ ছাড়া গোসাইলডাঙ্গা, মুনিরনগর, দক্ষিণ-মধ্যম হালিশহর, কাজী গলি এবং দক্ষিণ হালিশহর শাখার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।