
একদিনের সরকারি সফরে শনিবার (১৩ জুন) কক্সবাজার আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজার পৌঁছে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে মাছুয়াখালী খাল খননকাজের উদ্বোধন করবেন।
বেলা ১২টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আওতায় সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুপুরে তিনি পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর এবং দুপুর ২টায় পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার বিকেলে চকরিয়া আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ডুলাহাজারা সাফারি পার্ক এবং বাস টার্মিনাল মাঠ পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন।
সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় কর্মসূচির স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান ও চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া জরুরি চিকিৎসাসেবার জন্য কক্সবাজার, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন।