
সরকারের ‘কৃষক কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এ লক্ষ্যে তাঁকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালনের জন্যই তাঁকে কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, রাঙ্গুনিয়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে মো. মাসুদুর রহমান করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি বাস্তবায়ন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন।
২০২১ সালের ৫ জুলাই একুশে পত্রিকায় ‘করোনায় ভিক্ষুকদের মানবেতর জীবনযাপন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তিনি স্থানীয় এক অসহায় নারীকে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করেছিলেন। এ ছাড়া সে সময় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেও তিনি ভূমিকা রাখেন।
প্রসঙ্গত, ‘কৃষক কার্ড’ হলো সরকারের একটি ডিজিটাল পরিচয় ও সেবাভিত্তিক উদ্যোগ, যার মাধ্যমে কৃষকদের তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা নগদ সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ, সেচ সুবিধাসহ অন্যান্য কৃষিসেবা গ্রহণ করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে কয়েকটি উপজেলায় সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে।