সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

৫ বছরে ২৫ কোটি চারা রোপণ করবে সরকার: কক্সবাজারে প্রধানমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জুন ২০২৬ | ৪:১২ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আশা করা হচ্ছে, এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও মো. মারুফ হোসেন জানান, সরকারের গৃহীত এই কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়িতে বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও আবদুল্লাহ আল মামুন এবং সাফারি পার্কের ডিএফও আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

এ ছাড়া চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনসহ বন বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।