সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিএনপি সবসময় মানুষের স্বার্থে কাজ করে: প্রধানমন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জুন ২০২৬ | ৭:২২ অপরাহ্ন


বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবসময় দেশের মানুষের স্বার্থ সংরক্ষণে কাজ করে এবং ভবিষ্যতেও করে যাবে।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিজ উপজেলা কক্সবাজারের পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই যুগ আগে পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তাঁরই দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নতুন পথচলা উপহার দিয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য, সংসদ সদস্য, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।