সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঘরের কাছে উপজেলা পেয়ে উচ্ছ্বসিত মাতামুহুরীবাসী, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জুন ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজারের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ইউএনও শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।

উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ এবং মাতামুহুরী উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকীসহ আরও অনেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, বিএমচর, পূর্ব বড় ভেওলা ও সাহারবিল—এই সাতটি ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের বিষয়ে অনুভূতি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাতামুহুরী উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের ফলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং নাগরিক সুবিধা বাড়বে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, মাতামুহুরী উপজেলার যাত্রার মাধ্যমে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা জানান, নতুন মাতামুহুরী উপজেলা পেয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। জনগণের নাগরিক সুবিধার পথ সুপ্রসন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি তিনি মাতামুহুরীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।