সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তথ্য অধিকার আইনের প্রয়োগ নিয়ে পটিয়া কলেজে আলোচনা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬ | ৬:১৪ অপরাহ্ন


পটিয়া সরকারি কলেজে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়ার আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পটিয়া এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং তথ্য চেয়ে আবেদন ফরম পূরণের নিয়মাবলি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক সেবা প্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধে এই আইনের ব্যবহার নিয়ে সেখানে আলোচনা করা হয়।

পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে জানান, তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং নাগরিকরা এই আইন প্রয়োগ করে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারেন।

সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথের সভাপতিত্বে এবং সহসভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উৎপল কুমার দাশগুপ্ত, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সজল ধর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট রাহুল মজুমদার, সাবেক ইয়েস দলনেতা অনির্বাণ পালিত ও ইয়াছমিন আক্তার, সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা ও বাঁধন বড়ুয়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, প্রিয়াংকা চৌধুরী, তাকিয়া নূর বৃষ্টি ও রিংকা বড়ুয়া এবং এসিজি সদস্য শওকত ওসমান ও আনোয়ার হোসেন জয়।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কবিশেখর নাথ জানান, তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন বিষয়ক লিফলেট এবং টিআইবির রিস্টব্যান্ড বিতরণ করা হয়।