
চট্টগ্রামের আনোয়ারায় পরৈকোড়া ইউনিয়নে এনি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে পার্শ্ববর্তী পটিয়া উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল।
গ্রেপ্তার তেজ বড়ুয়া (৩২) পরৈকোড়া ইউনিয়নের চেনামতি এলাকার বেশান্ত বড়ুয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল জানান, আনোয়ারা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে এনি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাঁদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী শিশুসন্তানকেও কুপিয়ে জখম করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া। মামলায় তেজ বড়ুয়াকে প্রধান আসামি করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।