
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলার তিনটহরীতে প্রতিষ্ঠিত ঋষি শ্রীশ্রী বাবা যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং বাংলাদেশ নাথ কল্যাণ সমিতি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের চেয়ারম্যান লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথের সহযোগিতায় এবং পূর্ণরাজ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই সেবা দেওয়া হয়।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. সায়েম। বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় উপকারভোগীরা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
দিনব্যাপী এই কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, সিদ্ধাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. মিলন কান্তি দে, সিনিয়র সহসভাপতি চন্দন কুমার শীল, বিশিষ্ট শিক্ষানুরাগী অজিৎ কুমার নাথ এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব আশিষ বরণ সেনসহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ।