
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামজুড়ে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আগামী ১৭ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ উপলক্ষে এই প্রস্তুতি যাচাই করা হয়। সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এ মহড়ায় স্টেডিয়ামের ভেতর ও আশপাশের এলাকায় আধুনিক নিরাপত্তা সক্ষমতার নানা দিক তুলে ধরে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে সোয়াট টিমের পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্যানাইন (কে-৯) ইউনিট অংশ নেয়।
সিএমপি সূত্র জানায়, বড় এই আয়োজনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি যাচাই এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করতেই এ মহড়া চালানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ম্যাচ চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক এবং ভিআইপিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।