সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার নবজাতক কন্যাশিশু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জুন ২০২৬ | ১০:৩৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির বাসিন্দা মীর হোসেনের ঘরের প্রধান ফটকের সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান।

ব্যাগ খুলে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে সেখানে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, শিশুটির নাড়িও তখনো কাটা হয়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক বলেন, “স্থানীয়রা শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।”

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নবজাতককে কে বা কারা সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।