
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক ‘সময়ের আলো’র মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফকে শারীরিক হেনস্তা ও অসদাচরণের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন যুবদল নেতা কাজী জুয়েল। তিনি ঢাকার মুগদা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সময়ের আলোর রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফ।
ওই সময় মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েল হঠাৎ করেই সাংবাদিক আরিফের ওপর চড়াও হন। তিনি জোরপূর্বক পেশিশক্তি প্রদর্শন করে ওই গণমাধ্যমকর্মীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর সাথে চরম অসদাচরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীর সাথে অন্যায়ভাবে পেশিশক্তি প্রদর্শন ও অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজী জুয়েলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।
দ্রুত এই পদক্ষেপ নেওয়ায় যুবদল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন হেনস্তার শিকার সাংবাদিক জাহেদুল ইসলাম আরিফ। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সাথে সাথেই তিনি কেন্দ্রীয় যুবদল নেতাদের বিষয়টি অবহিত করেন।
তিনি জানান, অত্যন্ত ইতিবাচক বিষয় হলো, তারা বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছেন। বিশৃঙ্খলাকারী এবং গণমাধ্যমকর্মীদের সাথে অপেশাদার আচরণকারীদের বিরুদ্ধে যুবদল যে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী, এই দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে তারা সেটাই প্রমাণ করলেন।