সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হালদায় দ্বিতীয় দফায় নমুনা ডিম ছাড়ল মা মাছ, সংগ্রহ কম

আমির হামজা | প্রকাশিতঃ ১৮ জুন ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ন


দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা আড়াইটার দিকে জোয়ারের সময় নদীর কয়েকটি স্থানে মা মাছ এই নমুনা ডিম ছাড়ে। রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিম সংগ্রহকারীরা জানান, নদীর আজিমের ঘাট, আমতুয়া, অংকুরীঘোনা, কেরামত আলীর বাঁক এবং সিপাহীর ঘাটের কিছু অংশে সামান্য পরিমাণ নমুনা ডিম পাওয়া গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানান, নদীতে ৭০-৮০টি নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করেছেন। তবে এবার ডিম সংগ্রহের পরিমাণ একেবারেই কম।

তিনি আশা প্রকাশ করে জানান, চলতি মাসের ২৮ তারিখ পূর্ণিমার জোঁ রয়েছে। ওই সময়ে নদীতে মা মাছেরা পুরোদমে ডিম ছাড়তে পারে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিনে হালদায় প্রথম দফায় ডিম ছাড়ে মা মাছ। সে সময় প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল।