
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৯ জুন) দুপুরে র্যাব-৭-এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের ধোপপুল এলাকার এস আলম মার্কেটের চন্দ স্টোরের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আইয়ুব কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা পাড়ার মো. ছিদ্দিকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি নোহা গাড়ি (চট্টমেট্টো চ ১১-২১৩৬) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডেল থেকে মোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক মোহাম্মদ আইয়ুবকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
এ ঘটনায় র্যাব-৭-এর সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পের এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর ১৯) দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান শুক্রবার বিকেলে জানান, আসামিকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।