সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হরমুজ প্রণালি বন্ধের দাবি ওড়াল যুক্তরাষ্ট্র, জেডি ভ্যান্স বললেন ‘জাহাজ চলছে’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ২০ জুন ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি এখনো পুরোপুরি খোলা রয়েছে এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জেডি ভ্যান্স জানান, গতকালই হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। জাহাজগুলো যথারীতি চলাচল করছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে তিনি নিশ্চিত করেন।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার সতর্কতাও দেওয়া হয়।

আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও তারা দাবি করে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি সত্যিই বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।