
চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দীন ফরিদ উদালিয়া গ্রামের মোহসেনা পাড়ার মৃত মৌলানা বাদশা আলমের ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে ফরিদকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুপণ নাথ ও এসআই রায়হান।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর ফরিদের কয়েকজন সমর্থক তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অভিযানে অংশ নেওয়া তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও ৬টি আতশবাজি উদ্ধার করা হয়েছে।
হামলা ও বিস্ফোরক আইনের অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ২০ ফেব্রুয়ারি নাশকতা-সংক্রান্ত একটি মামলায় নাজিম উদ্দীন ফরিদকে গ্রেপ্তার করেছিল র্যাব-৭। পরে তিনি জামিনে মুক্তি পান।