সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ২৩ জন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ জুন ২০২৬ | ৩:৫১ অপরাহ্ন


মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।

রোববার (২১ জুন) দুপুর পৌনে তিনটায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন। দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আতিকুর রহমান রুমন আরও জানান, বাংলাদেশের মর্যাদা, উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার এই সফরে দেশের স্বার্থ বিশেষ গুরুত্ব পাবে।

বিমানবন্দরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের চার মাস পর প্রথম বিদেশ সফরে গেলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ২৩ জন।

এর আগে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনের সফরসূচি তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, সরকারপ্রধানের এই কুয়ালালামপুর সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুটি দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, সফরের প্রথম দিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক হবে। এর পরপরই উভয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ এবং প্রবাসীদের কল্যাণের বিষয়ে মালয়েশিয়ার কাছে অনুরোধ জানানো হবে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম আরও জানান, এই মালয়েশিয়া সফরে আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার’ এবং ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসেপ)’-এ বাংলাদেশের যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ জুন দুপুরে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।

আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আসাদ আলম সিয়াম জানান, বৈঠক শেষে সেদিন বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সন্ধ্যায় তিনি ঢাকায় অবতরণ করবেন।