সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ক্রেতা সেজে দোকানে, ফটোকপির ফাঁকে উধাও ২ লাখ টাকা ও ৮ মোবাইল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ জুন ২০২৬ | ৭:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় ক্রেতার ছদ্মবেশে এসে একটি লাইব্রেরি ও মোবাইলের দোকান থেকে নগদ ২ লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজারে ইসলামিয়া লাইব্রেরিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহমদ শফির অভিযোগ, সকাল ৯টার দিকে তিনজন ব্যক্তি ক্রেতা পরিচয়ে তার দোকানে প্রবেশ করেন। তারা বিভিন্ন পণ্য দেখতে চান এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে থাকেন।

একপর্যায়ে তাদের একজন ফটোকপির কাজ করতে চাইলে তিনি ওই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় অন্যরা সুযোগ নিয়ে ক্যাশ কাউন্টারের নিচে রাখা একটি ব্যাগ থেকে নগদ ২ লাখ টাকা, তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিক্রির জন্য রাখা আরও আটটি মোবাইল সেট নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

আহমদ শফি বলেন, “কিছুক্ষণ পর টাকার ব্যাগ ও মোবাইলগুলো খুঁজতে গিয়ে বুঝতে পারি সেগুলো নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। হারানো টাকাগুলোই ছিল আমার ব্যবসার মূলধন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আহমদ শফি লাইব্রেরি ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্ট হিসেবেও কাজ করেন। ফলে নগদ অর্থ হারানোর ঘটনায় তার ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

এদিকে ঘটনার পর খাঁনহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজার এলাকায় নজরদারি বৃদ্ধি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।