
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ক্লিনিক-সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগে প্রতিবাদ সভা করেছে উপজেলা প্রেসক্লাব।
রোববার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিকরা।
প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, ‘সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’ বিষয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হুমকি, লাঞ্ছনা ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা আহমদ রশিদ চৌধুরীর বিরুদ্ধে।
সভা পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মনসুর।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক হয়রানি ও হেনস্তার ঘটনা ঘটেছে। এর আগে সাংবাদিক সালাহউদ্দিন জিকু ও নুরুল আবছার নূরীও বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা লাঞ্ছিত করা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক।
সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য প্রকাশের দায়িত্ব পালন করেন। এ কাজে বাধা সৃষ্টি না করে আইনের আশ্রয় নেওয়া উচিত।
সভাপতির বক্তব্যে আহমদ আলী চৌধুরী বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে আপত্তি থাকলে তা আইনগত উপায়ে মোকাবিলা করা উচিত। হুমকি বা হয়রানির ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানাবে।
সভায় দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু, সহ-সম্পাদক মো. জিপন উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ সেলিম, রফিক তালুকদার, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, সাইফুল ইসলাম, সিরাত মঞ্জুর, নুরুল আবছার নূরী, নাজমুল তারেকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।