
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও সংগ্রহ সক্ষমতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছেন।
সোমবার নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে বাংলাদেশে জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
চসিক সূত্র জানায়, বৈঠকে ২০২৯ সাল পর্যন্ত চলমান জাইকার বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত কারিগরি সহায়তা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রকল্পের আওতায় চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা মূল্যায়ন, সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন, বর্জ্য সংগ্রহ ও পরিবহনব্যবস্থা উন্নয়ন, ডাম্পসাইট ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম রয়েছে।
বৈঠকে মেয়র বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে চট্টগ্রামে প্রতিদিন উৎপাদিত বর্জ্যের পরিমাণ বাড়ছে। এ পরিস্থিতিতে টেকসই ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি জানান, চসিক বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিয়েও কাজ করছে।
জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো চট্টগ্রামে সংস্থাটির অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বৈঠকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।