সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সরু সড়কে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস, আগুনে পুড়ল দুই ঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুন ২০২৬ | ৮:২১ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা বাইরে থেকে ফিরে এসে ঘর দুটিকে আগুনে পুড়ে যেতে দেখেন।

অগ্নিকাণ্ডে উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ এবং সিএনজিচালিত অটোরিকশার চালক শ্যামল দাশের টিন ও বেড়ার তৈরি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলে যাওয়ার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। তবে এলাকাবাসীর দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়া থেকে রোধ করা সম্ভব হয়।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম বলেন, অগ্নিকাণ্ডে দুই পরিবারের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে ঘরগুলো টিন ও বেড়ার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।