
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ *এমভি বাংলার জয়যাত্রা* অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি প্রণালি পার হয় বলে জানিয়েছে বিএসসি। বর্তমানে জাহাজটি জ্বালানি গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল পরিবহন শেষে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।
এরপর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলে জাহাজটির পরবর্তী যাত্রা ব্যাহত হয়।
১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেটিকে অন্য রুটে পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি। তবে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে সেটি যাত্রা শুরু করতে পারেনি।
পরবর্তীতে ৮ এপ্রিল জাহাজটি রাস আল খায়ের ত্যাগ করলেও হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। পরে এটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়।
বিএসসি জানিয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক পরিস্থিতির উন্নতির পর জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।
২০১৮ সালে নির্মিত ‘বাংলার জয়যাত্রা’ ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন ধারণক্ষমতার একটি বাল্ক ক্যারিয়ার। জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে বিএসসি।