সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুন ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ন


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া জান্নাত (১৯) বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোণাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাতের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।