সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুন ২০২৬ | ৬:৪০ অপরাহ্ন


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা, অস্থিতিশীলতা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবদল।

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকা এই কর্মসূচিতে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ জানানো হয়।

সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সদর বটতলী মোটর স্টেশনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।

মিছিলে ‘রাস্তাঘাটে নামিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে সিকদার সেন্টারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবদলের ১ নম্বর সহসভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক রাশেদুল হক এবং দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন।

এ ছাড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি তাজউদ্দীন আল নাজির, সাবেক সদস্যসচিব আবু তালেব রুবেল, সাবেক গণবিষয়ক সম্পাদক মোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল নেতা মো. নছির এবং ডা. শাহ আলমসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় নানা বাধা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা আত্মগোপনে থেকে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছে।

রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বক্তারা আরও বলেন, যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই তারা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।