
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মিরসরাইয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌরসভা এবং মিরসরাই পৌরসভা যুবদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর অংশ প্রদক্ষিণ শেষে একটি সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
সমাবেশে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সহসভাপতি ফেরদৌস আহমেদ মুন্না এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম।
এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, এম এম সুমন এবং বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান এবং সদস্যসচিব বোরহান উদ্দিন সবুজ।
পাশাপাশি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।