সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রির দায়ে জরিমানা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুন ২০২৬ | ৭:৫১ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে রোহিঙ্গা ক্যাম্পের অনুমোদনহীন পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চকরিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানে ‘রেজাউল স্টোর’ নামের একটি মুদি দোকানে প্রচুর পরিমাণ অনুমোদনহীন রোহিঙ্গা ক্যাম্পের পণ্য পাওয়া যায়। দোকানটিতে বিভিন্ন কোম্পানির ট্যাগ লাগিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সময়ে বাজারের পূর্ব পাশে অবস্থিত বেসরকারি ‘মা-মনি ডায়াগনস্টিক সেন্টার’-এ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ওষুধ মজুদ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট ধারায় ডায়াগনস্টিক সেন্টারটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চকরিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যেসব অনিয়ম পাওয়া গেছে, তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত করতে কক্সবাজার জেলার সর্বত্র বাজার তদারকি অব্যাহত রয়েছে। অভিযানে জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই অপরাধ পুনরায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।