
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে নুরুল আলমকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আনার পর তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বলেন, বুধবার সকালে নুরুল আলম বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা জানান। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কারাগারে আনার সময় নুরুল আলম সুস্থ ছিলেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
নুরুল আলমের ভাই নূর মোহাম্মদ দাবি করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার ভাইকে মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সাতকানিয়া ভূমি অফিসে শুনানিতে অংশ নিতে গেলে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
তবে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় নুরুল আলম সুস্থ ছিলেন। তাকে কোনো ধরনের মারধর করা হয়নি।
মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।