সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকেই সচেতনতা প্রয়োজন’

হাটহাজারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুন ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৪ জুন) বিকেলের দিকে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’। এ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দল ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দলনেতা আবু তোরাব মোহাম্মদ নওশাদ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবু জাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহেদ আরমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই রাতারাতি দূর করা সম্ভব নয়। দুর্নীতি রোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ছোটবেলা থেকেই পরিবার ও স্কুলে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হতে হবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনে ধারণ করলে দুর্নীতি রোধ করা সহজ। এর মাধ্যমে একদিন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনূচ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং টাইম কিপারের দায়িত্বে ছিলেন হাদী মোহাম্মদ জমির উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাটহাজারী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল এবং যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন রেদোয়ানউল বারি, সাদিকা সাদিক, সাদিয়া আফরিন, সাদিকা সুলতানা এবং কমরুন নাহার।