সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হালদা নদীতে অভিযান: ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুন ২০২৬ | ৭:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার মিটার দৈর্ঘ্যের চারটি অবৈধ ভাসা জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ, কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান, এএসআই রমজান আলী ও তাঁদের সঙ্গীয় ফোর্স এ অভিযানে নেতৃত্ব দেন। এ ছাড়া হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে মোট চারটি অবৈধ ভাসা জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ছয় হাজার মিটার, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

একই দিন সন্ধ্যার দিকে উদ্ধার করা অবৈধ জালগুলো হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহযোগিতায় নদীপাড়ে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।