সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ জুন ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার বিলপুর এলাকার নুর মোহাম্মদ (৩৭), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার কামরুল ইসলাম শেখ (৪৯) এবং আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া এলাকার শাহাদাত হোসেন (৩৫)।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) কাজী আবু কাউছার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসাইন ও তাঁদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি পিকআপযোগে পেকুয়া থেকে বাঁশখালীর দিকে ডাকাতির উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।

পরে সন্দেহভাজন পিকআপটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে চেচুরিয়া এলাকায় গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা নুর মোহাম্মদ, কামরুল ইসলাম শেখ ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হলেও আরও সাত-আটজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেহ ও ব্যবহৃত পিকআপ তল্লাশি করে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। এ ছাড়া তারা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি রবিউল হক।