সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দীঘিনালায় শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ জুন ২০২৬ | ৮:০১ অপরাহ্ন


শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

প্রিয় শিক্ষকের অবসর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অবসর গ্রহণ ও জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং নানা উপহারসামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষক মো. আবু সামার হাতে।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে শিক্ষক মো. আবু সামার প্রতি নিজেদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবো প্রিয় বড়ুয়া বলেন, শিক্ষক মো. আবু সামা অত্যন্ত পরিশ্রমী, দায়িত্বশীল এবং নিবেদিতপ্রাণ একজন শিক্ষক ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতা সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাই তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবেন বলে জানান প্রধান শিক্ষক দেবো প্রিয় বড়ুয়া।

প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্রদল সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, শিক্ষক মো. আবু সামা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি সবাইকে পথ দেখিয়েছেন এবং সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। আজ শিক্ষার্থীরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জন করছেন, তার পেছনে শিক্ষক মো. আবু সামার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন আরিফ মোহাম্মদ জাহিদ।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক মো. আবু সামা। কান্নাভেজা চোখে তিনি সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ব্যান্ডের তালে তালে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষক মো. আবু সামার গলায় ফুলের মালা পরিয়ে দেন। ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে তাঁকে তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা গাড়ির সামনে দড়ি বেঁধে টেনে বিদ্যালয়ের ফটক পর্যন্ত নিয়ে আসেন। মোটরসাইকেলের হর্ন, ব্যান্ডের সুর এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রিয় শিক্ষক মো. আবু সামাকে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে দেন তাঁরা।

মো. আবু সামা ১৯৯০ সালে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় ৩৬ বছর নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তাঁর এই বিদায় আয়োজন বিদ্যালয়ের ইতিহাসে শিক্ষক-শিক্ষার্থীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।