
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বারইয়ারহাট পৌরসভার এসএ পরিবহনসংলগ্ন খোলা জায়গা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হান্নান আল মামুন তাঁর ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা ৬টি সুতলির বস্তা তল্লাশি করে প্রতিটি বস্তায় ৩০টি করে মোট ১৮০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে শাড়িগুলো সেখানে মজুত করা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত শাড়িগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ আব্দুল হালিম।