
বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার (২৫ জুন) এ ঘোষণা দিয়েছেন।
নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম পুনরায় শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছিল ভারত। প্রায় দুই বছর পর এই পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে এই ভিসা কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বেনাপোল হয়ে বাংলাদেশে আসার সময়ই তাঁর কাছে ভিসার বিষয়টি উঠেছিল। ভিসা অত্যন্ত জরুরি একটি বিষয় অনুধাবন করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল ভারত। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে আসেন।