
দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ, মানবিক চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার অগ্রযাত্রার অন্যতম পথিকৃৎ প্রফেসর ডা. রবিউল হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. রবিউল হোসেন মারা যান। তাঁর মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য রোগীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ চিকিৎসক জীবনে ডা. রবিউল হোসেন লাখ লাখ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দক্ষতা, সততা, আন্তরিকতা ও রোগীবান্ধব আচরণের কারণে ডা. রবিউল হোসেন সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় একজন চিকিৎসক। তাঁর প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেশের চিকিৎসাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম ডা. রবিউল হোসেনের প্রথম জানাজার নামাজ আজ শনিবার (২৭ জুন) বাদ এশা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে একই দিন বিকেল ৪টায় তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের কাটাছরা মেহেরুন নেছা ফয়েজ উচ্চবিদ্যালয় মাঠে ডা. রবিউল হোসেনের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রফেসর ডা. রবিউল হোসেনের মৃত্যুতে চিকিৎসক সমাজ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রফেসর ডা. রবিউল হোসেনের প্রয়াণে দেশের চিকিৎসা অঙ্গন হারাল একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, দক্ষ সংগঠক ও মানবসেবায় আত্মনিয়োগ করা এক উজ্জ্বল ব্যক্তিত্বকে। তাঁর কর্ম, অবদান এবং মানবিক মূল্যবোধ মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।