
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।
রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশে মোহাম্মদ সায়েমের মরদেহটি পাওয়া যায়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, শনিবার (২৭ জুন) ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ সায়েমের মরদেহ রোববার সকাল ১০টার দিকে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
ইউএনও পান্না আক্তার আরও জানান, মোহাম্মদ সায়েমের মরদেহটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ভ্রমণে আসা মোহাম্মদ সায়েম ও তাঁর বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে মোহাম্মদ সায়েম সাগরের পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।