
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গোখরা সাপের কামড়ে সোহান উদ্দিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে না নিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করানোয় চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন কিশোর সোহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহান উদ্দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান মনু চৌধুরী পাড়ার জহির আহমদের ছেলে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আরফাত পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে নিজ বসতঘরের ভেতরে সোহান উদ্দিনকে একটি গোখরা সাপ পায়ে কামড় দেয়। ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্যরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
এসআই ইয়াছিন আরফাত আরও জানান, সাপে কামড়ানোর পর সোহান উদ্দিনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে রাতভর ঝাড়ফুঁক ও স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। পরে সোহান উদ্দিনকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু রোববার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই সোহান উদ্দিনের মৃত্যু হয়েছে। তাই তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাপে কামড়ানোর পর ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় অ্যান্টিভেনম চিকিৎসা নিশ্চিত করা হলে সোহান উদ্দিনের এমন মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব হতে পারত।