
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ইলিয়াস ওই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, ইলিয়াস নিয়মিত মদ পান করতেন। তাদের ধারণা, রোববার গভীর রাতে মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।