সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘ঘুষ-তদবির ছাড়া’ পুলিশে চাকরি, মানবিক হওয়ার আহ্বান ওসির

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জুন ২০২৬ | ৬:১০ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাওয়া আট তরুণ-তরুণীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের নেতৃত্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই তারা এই চাকরি পেয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, “তোমরা মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পেয়েছ। এই অর্জনের মর্যাদা ধরে রাখতে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি নতুন পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জন করে ‘মানবিক পুলিশ’ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ উল্লেখ করে তিনি চাকরিপ্রার্থীদের দালাল ও প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন।

বিনা খরচে ও তদবির ছাড়াই চাকরি পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন নবনিযুক্ত কনস্টেবল জয় দে। তিনি বলেন, এ ঘটনা অন্য চাকরিপ্রার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করবে।