
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে রোভার স্কাউটের ‘বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজ চত্বরে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এতে অংশ নেন নবাগত রোভার সহচররা।
দিনব্যাপী এই ক্যাম্পে রোভার সহচরদের স্কাউটিংয়ের মূলমন্ত্র, নিয়মাবলি, সমাজসেবামূলক কাজ এবং নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণের মাধ্যমে সহচরদের রোভার স্কাউট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
শিক্ষক পরিষদের সম্পাদক এনাকী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি তরুণ কান্তি চাকমা।
তিনি বলেন, “মানুষ হিসেবে মানুষের প্রতি যে দায়িত্ব রয়েছে, রোভার স্কাউট মূলত সেবামূলক সেই কাজটিই করে। শিক্ষার্থীদের মানবিক ও নীতি-নৈতিকতা শিখিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে রোভার স্কাউট কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক যোগসাধন চাকমা, চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মো. দুলাল হোসেন এবং প্রভাষক ও রোভার স্কাউট লিডার ফ্লোরিতা চাকমা।
স্বাগত বক্তব্যে মো. দুলাল হোসেন ডে ক্যাম্পের তাৎপর্য তুলে ধরে রোভারদের দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
ক্যাম্পে প্রশিক্ষণ দেন রোভার স্কাউট লিডার মো. ইব্রাহিম এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. নাজমুল হোসেন।