সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় চোরাই গরু জব্দ, গ্রেপ্তার ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জুন ২০২৬ | ৮:৪৫ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৯টি ভারতীয় গরুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে গরুগুলো জব্দ করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন— মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার আব্দুর রাজ্জাক (৬৫) ও নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার মো. আরিফ (২৭) এবং মহামায়া ইউনিয়নের রাসেল ওরফে আলম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ওই চেকপোস্টের দিকে আসা দুটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৯টি ভারতীয় গরু পাওয়া যায়।

জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, চোরাইপথে আনা ভারতীয় গরু ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করার পাশাপাশি জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।