সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ১৭ বছর পর তিন গ্রামের সংযোগ সড়কের সংস্কার শুরু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ জুলাই ২০২৬ | ৫:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা তিন গ্রামের একটি সংযোগ সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় ‘পূর্ব আশিয়া মুছা পুকুর’ সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, যুবদল নেতা রুবেল, বাবুল, সোহেল, শহীদ ও বাহাদুর, কৃষক দল নেতা কাজী মুবিন ও নুরুল কবির, শ্রমিক দল নেতা সাইফু, উপজেলা ছাত্রদলের নেতা কায়ছার আলম রিমন এবং বিএনপি নেতা সাইফুদ্দিন ও ইয়াসিন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা অহিদুল আলম চৌধুরী পিবলু বলেন, আশিয়া পূর্বপাড়া এলাকার মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়নবঞ্চিত ছিল। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম দায়িত্ব নেওয়ার পর তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে এ সড়কের কাজ শুরু করেছেন।

উদ্বোধনকালে বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকার পর সড়কটির উন্নয়নকাজ শেষ হলে তিন গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর যাতায়াতও নির্বিঘ্ন হবে।