সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ৬ পরিবারের বসতঘর ছাই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ জুলাই ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে ছয়টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে আশপাশের আরও কয়েকটি বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মামুন, রিয়াজ, মো. আমানউল্লাহ, মো. আসিফ, শহিদ ও নজরুলের দুটি আধা পাকা ঘর, দুটি কাঁচা ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেটসহ সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।