সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কর্ণফুলীর তীরে কোস্টগার্ড ও প্রেস ক্লাবের প্রীতি ফুটবল, আর্জেন্টিনার জয়

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ জুলাই ২০২৬ | ১০:০৫ অপরাহ্ন


চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোনের মধ্যে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

বুধবার (১ জুলাই) বিকালে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন সদর দপ্তরের নিজস্ব মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে দুই দলের খেলোয়াড়রা ফুটবল বিশ্বের দুই জনপ্রিয় দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে অংশ নেন।

ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে সমতায় ফেরে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে আরেকটি গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপকমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পাশাপাশি কোস্টগার্ড পূর্ব জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচ শেষে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

একই সময় কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের হাতে সম্মাননা স্মারক ও দুটি বৃক্ষ উপহার দেওয়া হয়।