
চট্টগ্রামের পটিয়ায় কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় উপস্থিত ফার্নিচার ব্যবসায়ী মো. রুবেল জানান, নারীর পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া যাওয়ায় সবাই বিষপানের ধারণা করেছিলেন। পরে তাকে পটিয়া হাসপাতালে নেওয়া হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় গাউছিয়া কমিটির মানবিক টিমকেও খবর দেওয়া হয়।
তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, অজ্ঞান অবস্থায় নারীকে হাসপাতালে আনা হলেও প্রাথমিক পরীক্ষায় বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। তার মুখ দিয়ে ফেনা ও বর্জ্য বের হচ্ছিল। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন।
পটিয়া পৌরসভা গাউছিয়া কমিটি মানবিক টিমের সদস্যসচিব মাওলানা মোহাম্মদ ইছহাক জানান, খবর পেয়ে তারা ওই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। ময়নাতদন্ত শেষে গাউছিয়া কমিটির উদ্যোগে তার দাফন সম্পন্ন করা হবে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।