সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জাতি যখন হতাশাগ্রস্ত, তখন দায়িত্ব নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ জুলাই ২০২৬ | ৮:০৯ অপরাহ্ন


জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিল না এবং হতাশায় নিমজ্জিত ছিল, তখন মেজর জিয়াউর রহমান নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, দেশের অভ্যুদয়ের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িত। দেশমাতৃকার টানে সাহসিকতার সঙ্গে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন। জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিল না, তখন তিনি দায়িত্ব নেন।

বিগত সময়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। বিগত সময়ে শিশু ও নতুন প্রজন্মকে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা হয়েছে। ইতিহাস তৈরি করা যায় না, সৃষ্টি করা হয়। আর সেই ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

এর আগে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।

সমাধিস্থল জিয়ারতের পর মন্ত্রী রাঙ্গুনিয়া এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রটির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর কেউ যেন নিজেকে দুর্বল মনে না করে, সেজন্য প্রশিক্ষণোত্তর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বীরকে জাতি যাতে আজীবন শ্রদ্ধা ও সম্মান জানাতে পারে, সেজন্য রাঙ্গুনিয়ার জিয়ানগরে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হবে।

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ, রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।