
দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দুই সংগঠনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়নে যৌথভাবে প্রচেষ্টা অব্যাহত রাখা, প্রেস ক্লাবগুলোকে নিয়ে যৌথ কনভেনশন আয়োজন, সাংবাদিকদের আবাসন সংকট নিরসন এবং যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়।
যৌথ সভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ওপর জোর দেন তারা।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
যৌথ এই সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ ও ওয়াহিদ জামান।